মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, আত্মসমর্থনের বার্তা ক্যাটরিনার

সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য যেন আত্মমূল্যবোধ ও ব্যক্তিগত সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ না করে—নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ পরামর্শ দেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মাতৃত্বের পর তাঁর শরীর নিয়ে অনলাইনে কটাক্ষের ঘটনা সামনে আসার পর তাঁর বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

‘নিজের সবচেয়ে বড় সমর্থক নিজেকেই হতে হবে’—সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বার্তায় অন্যের প্রশংসা বা সমালোচনাকে নিজের আত্মমূল্যবোধের মাপকাঠি না করার পরামর্শ দিয়েছেন ক্যাটরিনা কাইফ।

যুক্তরাজ্যে নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মানুষের নানা মতামত থাকে। সেসব মন্তব্য যেন নিজেদের সম্পর্কে ধারণা বা ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত না করে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। অন্যের মতের ওপর অতিরিক্ত নির্ভর করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করেন তিনি।

ক্যাটরিনার মতে, মানুষের আত্মবিশ্বাস সব সময় এক রকম থাকে না। কোনো দিন নিজেকে ভালো লাগে, আবার কোনো দিন নিজের প্রতি ইতিবাচক থাকা কঠিন হয়ে পড়ে। এই ওঠানামাকে স্বাভাবিকভাবে নিয়ে নিজের প্রতি সৎ থাকা এবং নিজের বর্তমান অবস্থাকে বোঝার চেষ্টা করাই জরুরি। নিজেকে বদলে ফেলার চাপের কাছে নত না হওয়ার কথাও বলেন তিনি।

অভিনেত্রী বলেন, জীবনে এমন সময় আসে, যখন মানুষ প্রশংসা ও স্বীকৃতি পায়। আবার কখনো নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হয়। তাই অন্যের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেন নিজের লক্ষ্য ও এগিয়ে চলার পথ থেমে না যায়, সে বিষয়ে সতর্ক থাকা দরকার।

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ

ক্যাটরিনার বক্তব্য এমন সময়ে এসেছে, যখন মাতৃত্বের পর তাঁর শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের ঘটনা নিয়ে আলোচনা চলছে। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্‌যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে অংশ নেন তিনি। অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর নিচে তাঁর শরীর নিয়ে নানা মন্তব্য করেন কিছু ব্যবহারকারী।

সন্তান জন্মের পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। তা সত্ত্বেও ক্যাটরিনার শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনায় অনলাইনে সমালোচনা হয়। সন্তান জন্ম দেওয়ার পর একজন নারী কত দ্রুত আগের শারীরিক গঠনে ফিরবেন—এমন প্রত্যাশা কতটা যুক্তিসংগত, তা নিয়েও প্রশ্ন ওঠে।

ক্যাটরিনার সমর্থনে কথা বলেন বলিউডের কয়েকজন তারকা। অভিনেত্রী পরিণীতি চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর শরীর নিয়ে বিদ্রূপের সমালোচনা করেন। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমান খানও তারকাদের বয়স, চেহারা ও শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার প্রবণতার সমালোচনা করেন। গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার পর নারীর ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *